এবার ভারতকে ইউরেনিয়াম দেবে কানাডা
একদিকে বুধবার পাকিস্তান চালিয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা, অন্যদিকে কানাডা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাক্ষর করলেন এক চুক্তিতে। এই চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করবে কানাডা, যা পারমাণবিক জ্বালানি উৎপাদনের প্রধান উপাদান।
কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার মোদির সঙ্গে এই চুক্তিতে স্বাক্ষর করেন৷ কানাডার একটি কোম্পানি কামেকো কর্প ভারতে ইউরেনিয়ামের যোগান দেবে৷
মোদি অবশ্য এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা ক্লিন এনার্জির স্বপ্নকে সত্যি করতে চাই’৷ তিনি এই চুক্তিকে বেসামরিক সহযোগিতা চুক্তি হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, বুধবার পাকিস্তান ১৩০০ কি.মি. পাল্লার ঘৌরি নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা প্রথাগত এবং পারমাণবিক দু’ধরণেই অস্ত্রই বহন করে নিয়ে যেতে সক্ষম। এ নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনাও দেখা দিয়েছে। এরইমধ্যে কানাডা সরকারের সঙ্গে মোদি এই চুক্তি স্বাক্ষর করলেন।
এসআরজে