মৃত্যুদণ্ড হতে পারে মুরসির
মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে যে ক’টি মামলা রয়েছে এর প্রথমটির রায়ে তার মৃত্যুদণ্ড হতে পারে। মুরসির ক্ষমতাচ্যুতির দু’বছর পর মঙ্গলবার বিক্ষোভকারীদের হত্যায় ইন্ধন যোগানোর অভিযোগের মামলার রায় দেয়া হবে।
মুরসির বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। এ দুটিতেও তার মৃুত্যদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ দুটি মামলার একটিতে তার বিরুদ্ধে বিদেশিদের জন্যে চর হিসেবে কাজ করা এবং অন্যটিতে ২০১১ সালে হোসনি মোবারক বিরোধী বিক্ষোভকালে কারাগার থেকে পালানোর অভিযোগ রয়েছে। আগামী ১৬ মে এ দুটি মামলার পৃথক রায় দেয়া হবে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, মঙ্গলবার প্রথম মামলাটির যে রায় দেয়া হচ্ছে তাতে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে মৃত্যুদণ্ডই দেয়া হবে। কারণ এর আগে বিচারকেরা কালো তালিকাভুক্ত মুসলিম ব্রাদারহুডের নেতাদের মৃত্যুদণ্ডের মতো কঠোর রায়ই দিয়েছেন।
উল্লেখ্য, সাবেক সেনা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ২০১৩ সালের ৩ জুলাই মুসরিকে ক্ষমতা চ্যুত করেন। এর আগে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর মুরসির জারি করা এক ডিক্রির বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার লোক তীব্র বিক্ষোভ করে।
আরএস/আরআইপি