জরিপে এগিয়ে ক্যামেরনের কনজারভেটিভ পার্টি
ব্রিটেনে ভোট গ্রহণের পর বুথ ফেরত জরিপে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি আবারো জয় পেতে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে জরিপে বলা হয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা কিছু আসন কম পাচ্ছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় ভোট শেষ হওয়ার পর বুথ ফেরত জরিপে বলা হয়, কনজারভেটিভ পার্টি ৩১৬টি আসন পেতে চলেছে। আর প্রধান বিরোধী দল লেবার পার্টি পেতে চলেছে ২৩৯ আসন।
স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৫৮টি আসনে এবং লিবারেল ডেমোক্রেটস ১০টি আসনে জয় পেতে চলেছে বলে জরিপে বলা হয়েছে।
এছাড়া ‘এন্টি-ইইউ ইউকে ইন্ডিপেনডেন্স’ (ইউকিপ) দুটি, ওয়েলস ন্যাশনালিস্ট পার্টি প্লেইড কিমরু চারটি এবং গ্রিন পার্টির দুটি আসনে জয়ের আভাস দেওয়া হয়েছে।
বিবিসি, স্কাই টিভি ও আইটিভির পক্ষে এনওপি/এমওআরআই দেশজুড়ে ভোটকেন্দ্র ঘুরে এ জরিপ করে। জরিপ অনুযায়ী ক্ষমতাসীন কনজারভেটিভ ও তাদের শরিক দল লিব ডেমস ৩২৬ আসন পেলে তারা আবার সরকার গঠন করতে পারবে, যাতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন ডেভিড ক্যামেরন।
অন্যদিকে এসএনপি ও লিব ডেমকে পক্ষে টেনেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২৬ এমপি যোগাড় করতে পারবেন না লেবার নেতা এড মিলিব্যান্ড।
জরিপের ভিত্তিতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডে এসএনপির হাতে ধরাশয়ী খেয়ে থাকতে পারে লেবার পার্টি। সেখানে তাদের ভোট গড়ে ১৮ শতাংশের মতো কম পড়তে পারে।
এএইচ/পিআর