গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

অবশেষে দুই মানবাধিকার কর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১০ মে ২০২৬
থিয়াগো ডি আভিলা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ কর্মী সায়েফ আবুকেশেক (ডানে)/ছবি: আনাদোলু এজেন্সি

অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুই কর্মীকে মুক্তি দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্তরা হলেন ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো ডি আভিলা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ কর্মী সায়েফ আবুকেশেক। সপ্তাহের বেশি সময় আটক রাখার পর রোববার (১০ মে) তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, তদন্ত সম্পন্ন হওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলি আদালত দু’দফায় তাদের আটকাদেশের মেয়াদ বাড়িয়েছিল।

গত ৩০ এপ্রিল গাজার পথে থাকা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর হামলা চালানো হয়। বহরটি তখন গ্রিসের ক্রিট দ্বীপের কাছে অবস্থান করছিল যা গাজা উপত্যকা থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে ছিল। এ ঘটনায় গ্রিসের সামরিক সহযোগীতা রয়েছে বলে এরই মধ্যে অভিযোগ উঠেছে।

মানবিক সহায়তা বহনকারী বহরটির প্রথম জাহাজগুলো ১২ এপ্রিল স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে মূল বহরটি ২৬ এপ্রিল ইতালির সিসিলি দ্বীপ থেকে রওনা হয়। তাদের লক্ষ্য ছিল গাজার ওপর ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভাঙা।

২০০৭ সাল থেকে ইসরায়েল গাজা উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। এতে ২৪ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। এসব হামলয়া ৭২ হাজারের বেশি মানুষ নিহত, ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছে এবং অবরুদ্ধ ভূখণ্ডজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।