ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত বিলে সমর্থন তৃণমূলের
স্থল সীমান্ত চুক্তিতে সমর্থন করার ‘পুরস্কার’! পশ্চিমবঙ্গের জন্য তিন হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। বৃহস্পতিবারই লোকসভায় পাশ হয়েছে ছিটমহল বিল। এর আগে বুধবার বিলটি রাজ্যসভায় পাশ হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন রাজ্য সফরের মধ্যে শনিবার রাজভবনে তাঁর সঙ্গে সাক্ষাত হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার দু`দিন আগেই বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে রাজ্য সরকারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
এদিন ১১৯তম সংবিধান সংশোধনী বিলটি পেশ করার সময় বক্তব্য রাখতে গিয়ে সুষমা জানান, এর মাধ্যমে ১৯৭৪ সালের ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি কার্যকর হবে। এর ফলে দুই দেশের মধ্যে সীমান্তের সমস্যা চিরতরে নিরসন হবে। একই সঙ্গে, প্রতিবেশি রাষ্ট্রকে এই বার্তাও দেওয়া হবে যে, সীমান্ত ভাগাভাগির বিষয়ে ভারতের সব রাজনৈতিক দলই সহমত পোষণ করে।
এর সঙ্গেই সুষমা যোগ করেন, স্থল-সীমান্ত চুক্তি নির্ধারিত হলে অধুনা বাংলাদেশের বহু মানুষ এদেশের নাগরিক হবেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষগুলির পুনর্বাসনের জন্য আর্থিক প্যাকেজ চেয়েছিলেন। এজন্য পশ্চিমবঙ্গকে ৩,০০৮ কোটি টাকা দেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবারই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি স্থল সীমান্ত চুক্তিকে সমর্থন করেন। সেই সঙ্গে ছিটমহলের যে অংশ এবার থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হবে, সেই অঞ্চলের আনুমানিক ৬০-৭০ হাজার মানুষের পুনর্বাসনের জন্য আর্থিক প্যাকেজের দাবিও জানান। এদিন সুষমা জানান, তাঁদের মতে আনুমানিক ৩৫ হাজার মানুষ পশ্চিমবঙ্গে আসবেন। তাকে মাথায় রেখে ৩,০০৮ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
এএ