কলকাতায় মমতার সঙ্গে একান্ত বৈঠক মোদির
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গ রাজ্য সফর করছেন নরেন্দ্র মোদি। আর কলকাতায় পা রেখে প্রথমেই নির্ধারিত সূচির বাইরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে একান্তে আলাপচারিতা করলেন তিনি।
সূত্র জানায়, নজরুল মঞ্চের গ্রিনরুমে একান্তে কথা হয়েছে দুজনের। এদিন রাতেও, রাজভবনে মোদি-মমতার প্রস্তাবিত বৈঠক রয়েছে। তার আগে একান্তে বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তুমুল জল্পনা। এর মধ্যে দেওয়া-নেওয়ার রাজনীতি দেখছে সিপিএম-কংগ্রেস। যদিও সেই তত্ত্ব মানতে নারাজ বিজেপি।
এর আগে শনিবার বিকেল সোয়া ৪টায় কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, অর্থমন্ত্রী অমিত মিত্র, স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৪টা ৪৫ মিনিটে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রেসকোর্সের উদ্দেশে রওনা দেন তিনি। বিকেল ৫টায় রেসকোর্সে অবতরণ করে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার।
পরে রেসকোর্স থেকে সড়কপথে নজরুল মঞ্চের উদ্দেশে রওনা দেয় মোদির কনভয়। সেখানে মোদি সামাজিক সুরক্ষা প্রকল্পের সূচনা করবেন।
বিএ/আরআইপি