কলকাতায় কারখানায় আগুন, দুজনের মৃত্যু

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৩ মে ২০২৬
প্রতীকী ছবি

কলকাতার একটি চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার (১২ মে) রাতে কলকাতার তপসিয়ার তিলজলার কালিখোলা মসজিদের কাছে একটি চামড়ার কারখানায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুন দেখে স্থানীয় বাসিন্দারা দমকল ও স্থানীয় থানায় খবর দেয়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়।

কারখানার ভেতর থেকে পাঁচজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা দেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই চামড়ার কারখানায় দুদিকে গেট আছে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে বের হওয়ার মতো কোনো পজিশন ছিল না। দমকল বাহিনী এসে আগুন নেভালে তাদেরকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসক জানিয়েছে, অত্যধিক ধোয়া শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ায় তাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দুজনকে ভেন্টিলেশনে সাপোর্টে রাখা হয়েছে। একজনকে জেনারেল বেডে রাখা হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের ফরেন্সিক বিভাগের কর্মকর্তারা এবং পুরো ঘটনা খতিয়ে দেখছে তারা।

এরই মধ্যে কলকাতা পুলিশ কারখানার মালিক জাফার নিসারকে (৪৪ বছর) গ্রেফতার করেছে। জাফার এবং তার বাবা মিলে এই কারখানা চালাতেন।

কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বাহিনী এবং কলকাতা পুলিশ। তাদের কোনো ফায়ার লাইসেন্স ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।