স্পেনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪


প্রকাশিত: ০৮:১৪ এএম, ১০ মে ২০১৫

স্পেনের দক্ষিণাঞ্চলের সেভিল বিমানবন্দরের কাছে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরীক্ষামূলক ফ্লাইট চালানোর সময় সামরিক বাহিনীর এয়ারবাস এ৪০০এম বিমানটি বিধ্বস্ত হয়। খবর এএফপির।

খবরে বলা হয়েছে, আন্দালুসিয়ার আঞ্চলিক নগরপাল অ্যান্টোনিও সানজ বলেন, বিমানের ধ্বংসস্তূপের মধ্যে থেকে একজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চারজন। এর আগে জরুরি সেবা সংস্থার এক নারী মুখপাত্র দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন গুরুতর আহত হওয়ার খবর দিয়েছিলেন।

মুখপাত্র জানান, বিমানবন্দর থেকে এক কিলোমিটার দূরে একটি অনাবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে কতোজন আরোহী ছিলেন তা জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব ধরনের বিমান উড্ডয়ন প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়।

প্রধানমন্ত্রী মারিয়ানো রাজই ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে নির্বাচনী প্রচারণার সময় দুর্ঘটনার খবর পান। তিনি বলেন, বিমানটিতে ৮ থেকে ১০ আরোহী ছিলেন। প্রধানমন্ত্রী নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন বলে স্পেনের সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।

সামরিক বিমান দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস জানায়, বিমানের গন্তব্য ছিল তুরস্ক। তবে বিমানটিতে ঠিক কতোজন আরোহী ছিলেন তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।