স্পেন নির্বাচন: জয়ের পথে দুর্নীতি বিরোধী জোট পোডেমোস


প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৫ মে ২০১৫

স্পেনে গত চার দশক ধরে পালাক্রমে দেশ চালানো সমাজতান্ত্রিক পার্টি এবং রক্ষণশীল পার্টি পিপলস পার্টির বিরুদ্ধে বড় ধরণের জয় পেতে যাচ্ছে দুর্নীতি বিরোধী ও ব্যয়-সংকোচন নীতির জোট পোডেমোস।

বিশ্লেষকরা বলছে, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে দুর্নীতি বেড়ে যাওয়ায় পোডেমোসের দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনের ফলে তারা এ স্থানীয় সরকার ও আঞ্চলিক পর্যায়ের নির্বাচনে অভাবনীয় জয় পেতে চলেছে।

নির্বাচনে ভোটারদের মধ্যে দেশের দুর্নীতি এবং ব্যয় সংকোচন নীতি নিয়ে বিরূপ মনোভাব দেখা গেছে। তাদের বেশির ভাগই নিজেদের আর্থিক অবস্থা নিয়ে উৎকণ্ঠিত।

ভোট দিতে আসা একজন বলছেন, তাদের উচিৎ গরীবদের সাহায্য করা। এখানে বহু মানুষ গরীব এবং তাদের অবস্থা খুব খারাপ। আমাকেও অনেক খারাপ অবস্থার ভেতর দিয়ে যেত হচ্ছে। সংসারে অনেক টানাটানি।

রক্ষণশীল আর সমাজতান্ত্রিক দলগুলো ১৯৭৫ সাল থেকে দেশটির রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আশংকা করা হচ্ছে ক্ষমতাসীন পিপলস পার্টি রাজধানী মাদ্রিদের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে।
প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, পোডেমোস বেশিরভাগ জায়গাতেই অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে। অপর দিকে ক্ষমতাসীন পিপলস পার্টি মোটামুটি ভালো করলেও রাজধানী মাদ্রিদে তাদের ব্যাপক ভরাডুবি হয়েছে।

তবে পুরো ফলাফল এখনো এসে না আসলেও বিশ্লেষকরা ধারণা করছেন, কোন দল এককভাবে সরকার গঠন না করে একটি অংশীদারিত্বমূলক সরকার গঠন করবে।

জেআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।