মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ১৬জনের প্রাণহানি
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে টর্নেডোয় শত শত বাড়ি-ঘর ধ্বংস ও অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া শনিবার সকাল থেকে শুরু হওয়া টর্নেডোতে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ডেল রিওয়েতে সৃষ্ট বন্যায় বেশ কিছু বাড়ি-ঘর ধ্বংসের পাশাপাশি বেশ কিছু লোক নিখোঁজ রয়েছেন। খবর বিবিসি
খবরে বলা হয়, টর্নেডোর আঘাতে মেক্সিকোর কোয়াহুইলা রাজ্যে ১৩ জন ও যুক্তরাষ্ট্রে মারা গেছে ৩ জন ও বেশ কিছু লোক আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। এছাড়া অনেক ভবন ও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
কোয়াহুইলা রাজ্যের গভর্নর রুবেন মোরেইরা দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করে বলেন, ১০ জন বয়স্ক ও তিনজন শিশু মারা গেছে। এছাড়া একটি শিশু নিখোঁজ রয়েছে। দেড়শ লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, চিওদাদ অ্যাকুনা শহরের মেয়র এভারিস্টো লেনিন পেরেজ বলেছেন, যারা মারা গেছেন তাদের বেশির ভাগই ঘরের বাইরে ছিলেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো টর্নেডোয় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের তার সরকার যথাযথ সহযোগিতা দেবে বলে জানান তিনি। শতাধিক বছর আগে শহরটি গড়ে উঠার পর এই প্রথম এ রকম ভয়াবহ টর্নেডো আঘাত হানল।
জেআর/এমএস