ব্রাজিলে আবারো কারা দাঙ্গা, নিহত ৯
ব্রাজিলে আবারো একটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ বন্দি নিহত এবং আরো অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার দেশটির বাহিয়া রাজ্যের ফিয়েরা ডি সান্তানা কারাগারে বিকেল থেকে শুরু হওয়া এ দাঙ্গা সোমবার সকাল পর্যন্ত চলে। এছাড়া দাঙ্গা চলাকালে অন্তত ৭০ জন নারী ও শিশুকে পণবন্দি করা হয়েছিল। খবর রয়টার্স এবং এপি।
খবরে বলা হয়, ঘটনার দিন ওই কারাগারের বন্দিরা ছুরি এবং হাতবন্দুক নিয়ে পরষ্পরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়। বিকেলে যখন লড়াই শুরু হয় তখন কারাগারে ভিজিংটিং আওয়ারে বন্দি প্রিয়জনদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাদের স্বজনরা। দাঙ্গাকারীরা বন্দিদের পাশাপাশি তাদের স্বজনদেরকেও পণবন্দি করে। এদের মধ্যে বহু নারী ও শিশু ছিল।
দাঙ্গা শেষ হওয়ার পর পুলিশ এবং মানবাধিকার কর্মীরা তাদের ছাড়িয়ে আনার জন্য দেন দরবার শুরু করলে দাঙ্গাকারীরা মাত্র পাঁচ জনকে ছাড়তে রাজি হয়। পরে অবশ্য সোমবার সকালে তাদের হাতে আটক সকল পণবন্দিকে ছাড়িয়ে আনা হয়।
কারাগারটির ধারণক্ষমতা ৬৪৪ হলেও বর্তমানে এতে বন্দি রয়েছেন ১৪৬৭ জন। তবে ঠিক কি কারণে এই দাঙ্গা শুরু হয় তা এখনও জানা যায়নি। অবশ্য এরই মধ্যে কারণ খুঁজে বের করতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। তবে ধারণা করা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর মধ্যে নানা ক্ষোভ থেকে ওই দাঙ্গা ছড়িয়ে পড়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি দেশটিতে পারনামবুকোর রাজ্যের রাজধানী রেসিফের একটি কারাগারে কয়েদিদের দাঙ্গায় দুই জন নিহত এবং অন্তত ২৯ জনের বেশি আহত হয়েছিল।
জেআর/এমএস