ভারতে তাপদাহে মৃতের সংখ্যা ছাড়ালো ১৪০০


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৮ মে ২০১৫

তীব্র তাপপ্রবাহের কারণে ভারতে ক্রমান্বয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। এ দিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই তাপদহ আরো এক সপ্তাহ চলবে।

ভারতীয় গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত ভারতে অন্তত ১৪১২ জন প্রাণ হারিয়েছেন। তাপপ্রবাহের প্রভাব বেশি পড়েছে তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে। কয়েক দিনে সেখানে তাপপ্রবাহের শিকার প্রায় ১৩৬০ জন। মঙ্গল ও বুধবারেই তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে মৃতের সংখ্যা ৭৪ ও ১৬৮ জন।

হায়দরাবাদ আবহাওয়া দফতরের ডিরেক্টর ওয়াই কে রেড্ডি জানান, আগামী দু’দিন তাপপ্রবাহ চলবে। দক্ষিণ ভারতে ৩১ মে বর্ষা ঢুকবে বলে আশা করছে ভারতীয় আবহাওয়া বিভাগ।

অন্ধ্র প্রদেশ বা তেলঙ্গানাই নয় বরং দেশের আনাচে-কানাচে বহু জায়গাতেই তাপপ্রবাহের শিকার হয়েছেন বহু মানুষ। এ মাসে আমদাবাদেও প্রাণ হারান ৭ জন। ওড়িশায় ৪১ জন ও রাজস্থানে ৪৭ জন  এবং দিল্লিতে ২ জনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহের কারণে।

আমদাবাদ সরকার জানিয়েছে, সাত দিনেও তাপমাত্রা কমার আশা নেই। বরং তাপপ্রবাহের মাত্রা আরও বাড়তে পারে। এর জেরে মঙ্গলবার আমদাবাদে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। সাধারণত টানা কয়েক দিন তাপপ্রবাহ চলতে থাকলেই ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি হয়। চলতি মাসে হিটস্ট্রোকের জেরে অসুস্থ হয়ে পড়ছেন শহরের বহু মানুষ।

উত্তর, মধ্য ও পূর্ব ভারতেও চলবে তাপপ্রবাহ। উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানায় আজকের তাপমাত্রা ছিল ৪১ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে। ওড়িশা- ঝাড়খণ্ড-অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় ‘রেড বক্স’ জারি করা হয়েছে। তাপপ্রবাহে হিটস্ট্রোক, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হওয়ার সম্ভাবনা। তাই ‘রেড বক্স’ জারি হয়েছে।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।