মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে বিয়োগ


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ৩১ মে ২০১৫

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন। শনিবার রাতে হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বাইডেন পরিবারের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট বিবৃতিতে বলেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, ব্রেইন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বিউ মারা গেছেন।

তিনি বলেন, ‘এই ঘটনায় পুরো বাইডেন পরিবার অবর্ণনীয় শোকে ডুবে গেছে। আমরা জানি সে বিশেষভাবে তার সাহসী স্ত্রী হ্যালি ও দুই সন্তান ন্যাটালিয়া ও হান্টারের মাঝে বেঁচে থাকবে।’

শনিবার রাতে প্রেসিডেন্ট বারাক ওবামা পৃথক এক বিবৃতিতে বিউয়ের মৃত্যুতে সমবেদনা জানান। তিনি বলেন, ‘মিশেল আর আমি আজ রাতে গভীর শোকে নিমজ্জিত।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘বাবার মতো বিউও ভাল, বৃহৎ-হৃদয়ের অধিকারী এবং অত্যন্ত বিশ্বস্ত ছিলো। তিনি আমাদের হৃদয়ে রয়ে গেছেন।’

চলতি মাসের শুরুতে বিউকে ওয়াশিংটনের কাছের ওয়াল্টার রীড আর্মি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই শনিবার তার মৃত্যু হয়।

মৃত্যুর আগে দেলাবারে রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে বিউ। ধীরে ধীরে মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তারকারী বিউয়ের ২০১৬ সালের নির্বাচনে দেলাবারের গভর্নর হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।