নারী নিয়ে বিতর্কিত মন্তব্য : নোবেল বিজয়ীর পদত্যাগ
নারী নিয়ে বিতর্কিত মন্তব্য করে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক হান্ট। ‘সমালোচনা করলে নারীরা কেঁদে ফেলেন এবং গবেষণাগারে তারা রোমান্টিক আবহ তৈরি করেন বলে পুরুষদের থেকে নারী বিজ্ঞানীদের আলাদা করা উচিত’-এ মন্তব্যের জেরে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপকের পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি।
বায়োকেমিস্ট টিম হান্টের (৭২) ওই মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে এবং বিজ্ঞানে লিঙ্গ বৈষম্য নিয়ে বৈশ্বিক বিতর্কে নতুন মাত্রা যোগ হয়।
কোষ বিভাজন নিয়ে গবেষণার জন্য ২০০১ সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পাওয়া হান্ট সোমবার দক্ষিণ কোরিয়ায় বিজ্ঞান বিষয়ক সাংবাদিকদের বিশ্ব সম্মেলনে বলেন, “নারীদের নিয়ে আমার সমস্যার কথা বলতে দিন।
“তারা ল্যাবে থাকলে তিনটি ঘটনা ঘটে- আপনি তাদের প্রেমে পড়েন, তারা আপনার প্রেমে পড়ে এবং যখন আপনি তাদের সমালোচনা করেন তারা কান্নাকাটি করে।”
তার এই মন্তব্যে হৈ চৈ পড়ে যায়। সিটি ইউনিভার্সিটি লন্ডনের সায়েন্স জার্নালিজম প্রোগ্রামের পরিচালক কনি সেন্ট লুইস টুইটারে শেয়ার করার পর বিষয় ব্যাপকভাবে মনোযোগ কাড়ে।
“সত্যি, এই নোবেল লরিয়েট কি ভাবেন আমরা এখনও ভিক্টোরিয়ান যুগে আছি?” সায়েন্সসহ বিভিন্ন ক্ষেত্রের নারী-পুরুষ হান্টের বক্তব্যের সমালোচনায় যোগ দেন।
সমালোচনার মধ্যে বুধবার বিবিসি রেডিও ফোরের টুডে প্রোগ্রামে টিম হান্ট তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
এআরএস/এমএস