ইরানের ‘নতুন নিয়ম’: ইরাকের তেল নিয়ে হরমুজ পার হলো চীনা জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৪ মে ২০২৬
ছবি: প্রেস টিভি

নতুন নিয়মের আওতায় চীনা তেলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এই ব্যবস্থার কার্যক্রম ১৩ মে সন্ধ্যা থেকে শুরু হয়েছে। এরই মধ্যে হরমুজ পারাপারে নজর কেড়েছে একটি চীনা সুপারট্যাঙ্কার। ইরাকের ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি হরমুজ প্রণালি পার হয়েছে। বুধবার (১৩ মে) বার্তা সংস্থা ফার্স এবং মিডল ইস্ট আই এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির এক সূত্রের বরাতে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের অনুরোধের পর কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের অনুরোধ এবং যাতায়াতের নিয়ম নিয়ে সমঝোতার পর নির্দিষ্ট সংখ্যক চীনা জাহাজকে বাধাহীনভাবে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছে।

তবে আগেই ইরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে এবং তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সমর্থন দেওয়া দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে।

এদিকে ইরান-মার্কিন যুদ্ধবিরতির মধ্যেই মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের প্রতিক্রিয়া জানানো হয়েছে। তবে, ফের আলোচনা শুরুর জন্য ইরানের দেওয়া পাঁচটি শর্ত মেনে নিতে হবে ট্রাম্প প্রশাসনকে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ফের যুদ্ধে ফেরত যাবে কি না তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।

এর প্রতিবাদে টানা ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান। এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা।

ইরানের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৪০ দিনের যুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ হাজার ৩৭৫ জন ইরানি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।