সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ মে ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১৭ মে ২০২৬
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

আমিরাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ড্রোন হামলা, ফের উত্তেজনা
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল জাফরা অঞ্চলে অবস্থিত আল বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎকেন্দ্রের বাইরের একটি জেনারেটরে আগুন ধরে যায়।

ঈদের তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-ব্রুনেই
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। তবে একই অঞ্চলের দেশ হলেও চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই দেশগুলোর মধ্যে ঈদের তারিখে ভিন্নতা দেখা গেছে।

শান্তি চুক্তি না হলে ‌‘খুবই খারাপ সময়’ আসবে: ইরানকে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, শিগগির শান্তি চুক্তি না হলে তাদের ‌‘খুবই খারাপ সময়’ আসবে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ঘোষণা করেছেন যে, বিশ্ব ‘একটি নতুন ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে’।

ইরানের শর্তের জবাবে বিপরীত পাঁচটি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র
যুদ্ধ বন্ধে সর্বশেষ যুক্তরাষ্ট্রকে পাঁচ শর্ত দিয়েছিল ইরান। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের সামনে ওই শর্তের বিপরীত নিজস্ব পাঁচটি শর্ত দিয়েছে। মার্কিন এই পাঁচ শর্ত দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া চালিয়ে যেতে প্রয়োজনীয় বলে মনে করছে ওয়াশিংটন প্রশাসন। রোববার (১৭ মে) ইরানের সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

কখন পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার?
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভরাডুবি ও লেবার পার্টির অভ্যন্তরে তীব্র বিদ্রোহের মুখে শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তবে তিনি ঠিক কবে বা কোন মুহূর্তে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন, তা নিয়ে এখনো চলছে নাটকীয়তা।

ইবোলা প্রাদুর্ভাবকে ‌‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের জন্য জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এ পর্যন্ত প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই পরিস্থিতি এখনো মহামারি ঘোষণার মতো অবস্থা তৈরি হয়নি।

শিশুকে বুকের দুধ খাওয়াতে না পারার দোষ কি মায়ের?
মায়ের বুকের দুধকে নবজাতকের জন্য সবচেয়ে নিরাপদ ও উপকারী খাবার বলা হয়। কিন্তু সন্তান জন্মের পর বুকের দুধ খাওয়াতে গিয়ে অসংখ্য নারী এমন সমস্যার মুখে পড়েন, যার সমাধানে চিকিৎসাবিজ্ঞান এখনো বিস্ময়করভাবে পিছিয়ে। বিশেষজ্ঞদের মতে, এ কারণে অনেক মা ভুল, অকার্যকর কিংবা মানসিকভাবে ক্ষতিকর পরামর্শের শিকার হচ্ছেন।

বুলডোজার অভিযানের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর উত্তর প্রদেশ স্টাইলে বুলডোজার দিয়ে বেআইনি আবাসন উচ্ছেদ, ধর্মীয় স্থানে লাউডস্পিকারের শব্দ নিয়ন্ত্রণ ও রাস্তা আটকে নামাজ পড়ার ওপর সরকারি বিধিনিষেধের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ করেছেন মুসলিমরা।

রাশিয়ার বিভিন্ন স্থানে ইউক্রেনের পাঁচ শতাধিক ড্রোন হামলা
রাশিয়ার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর পাঁচ শতাধিক ইউক্রেনীয় ড্রোনের এক বিশাল বহর রাশিয়ায় হামলা চালিয়েছে। এতে মস্কোতে তিনজন নিহত হয়েছেন।

খাসোগি হত্যা রহস্য, ফ্রান্সে সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে তদন্ত শুরু
সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ফ্রান্সে কয়েকটি এনজিও-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হতে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে ইউরো নিউজ।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।