যৌনকর্মী কেনার মামলা থেকে মুক্ত কান
আইএমএফের প্রাক্তন প্রধান স্ত্রস কান অবশেষে যৌনকর্মী কেনার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এর আগে আইএমএফের প্রধানের দায়িত্ব পালনকালে ফ্রান্স, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্স পার্টিতে যৌনকর্মী কেনার অভিযোগে তার বিরুদ্ধে ওই মামলা করা হয়েছিল।
স্ত্রস কানের পাশাপাশি ওই মামলার আরো ১৩ আসামিকেও খালাস দেওয়া হয়েছে। তাদের মধ্যে বিখ্যাত কয়েকটি হোটেলের মালিক রয়েছেন। শুক্রবার ফ্রান্সের লিলে শহরের এক আদালত ওই রায় দেন।
যদিও যৌন কাজের জন্য আয়োজিত ওই পার্টিতে অংশগ্রহণের বিষয়টি প্রথম থেকেই অস্বীকার করে আসছেন কান। কানের বিরুদ্ধে ২০১১ সালে যৌন হয়রানির ওই মামলা করা হয়। দীর্ঘ প্রায় চার বছর পর ওই রায় দেওয়া হলো। তবে ধর্ষণচেষ্টার একটি মামলা থেকে ২০১২ সালে তাকে অব্যাহতি দেওয়া হয়।
বিচারকের পর্যবেক্ষণে বলা হয়, স্ত্রস কান খদ্দের বা যৌন কাজের জন্য কোনো অর্থ পরিশোধ করেননি। তিনি শুধুমাত্র অন্যদের পরিশোধকৃত গ্রুপ পার্টিতে অংশগ্রহণ করেছিলেন মাত্র।
২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি ফ্রান্সের সোসালিস্ট পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রাথমিক বাছাইয়ে দলের অন্যতম প্রার্থী নিকোলাস সারকোজির কাছে তিনি হেরে যান।
এলএ