বসনিয়া যুদ্ধে ধর্ষণের শিকার নারীকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ
বসনিয়ায় ১৯৯০’র দশকে যুদ্ধ চলাকালে ধর্ষণের শিকার এক নারীকে আদালত বুধবার ক্ষতিপূরণ দেয়ার জন্য সাবেক দুই সৈন্যকে নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে দেশটিতে এটি একটি নজিরবিহীন রায়। এদিকে এ রায়ের পর একটি এনজিও বলেছে, এর ফলে হাজার হাজার ভুক্তভোগীর ন্যায় বিচার পাওয়ার পথ খুলতে পারে।
সারায়েভোতে ওই আদালতের এক বিবৃতিতে বলা হয়, ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়ায় সংঘাত চলাকালে দেশটির উত্তরাঞ্চলীয় ওরাহোভা গ্রামে অপ্রাপ্তবয়স্ক এক ক্রোয়েশিয় নারীকে ধর্ষণের দায়ে আদালত বসিলজোকো মার্কোভিচ ও অস্তোজা মার্কোভিচ নামের সাবেক এ দুই সৈন্যের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।
আদালত এ দুই সৈন্যকে ধর্ষণের শিকার ওই নারীকে মোট ২৬ হাজার ৫শ’ বসনিয় মার্ক (১৩ হাজার ৫শ’ ইউরো) ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দেয়। উল্লেখ্য, সাবেক এ যুগোস্লাভ প্রজাতন্ত্রের কোনো আদালতের এ ধরণের এটি প্রথম রায়। এর আগে, বিচারকরা প্রশাসনিক ট্রাইবুনালের কাছে ক্ষতিপূরণ দাবি করতে ভুক্তভোগীদের উৎসাহিত করেন।
উল্লেখ্য, বলকান যুদ্ধে ২০ হাজার থেকে ৫০ হাজার নারী যৌন নির্যাতনের শিকার হন। এদের অধিকাংশ বসনিয় মুসলমান।
একে/আরআই