গুজরাটে প্রবল বর্ষণ ও বন্যায় নিহত ৪৫


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৫ জুন ২০১৫

ভারতের গুজরাট রাজ্যের দক্ষিণাঞ্চল ও সৌরাষ্ট্র এলাকায় প্রবল বর্ষণ ও বন্যায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আমরেলি জেলায় মারা গেছে ৩৬ জন। জেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, আমরেলি জেলার বাগাসারা শহরের কাছে নানি ভবানিয়া গ্রামে দুটি বাড়ি ধসে ১৩ জন প্রাণ হারিয়েছে। এছাড়া প্রবল বর্ষণে ভাবনগর জেলায় তিন জন, রাজকোট জেলার গাঁওদালে দুই জন এবং সুরাট জেলায় তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে বৃষ্টিপাত কমে যাওয়ায় সৌরাষ্ট্রের পরিস্থিতির উন্নতি ঘটেছে। কিন্তু স্থানীয় আবহাওয়া অফিস আগামী ২৪ ঘণ্টায় ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে।

এমন পরিস্থিতিতে রাজ্য সরকার সকল কর্মকর্তার ছুটি বাতিল এবং তাদেরকে কার্যালয় না ত্যাগের নির্দেশ দিয়েছে। এছাড়া বন্যাপ্লাবিত সকল জেলায় রাজ্য রিজার্ভ পুলিশ পাঠানো হয়েছে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।