ইয়েমেন সীমান্তে সৌদি আরবের তিন ও আমিরাতের এক সৈন্য নিহত


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৫ জুন ২০১৫

ইয়েমেনের সাথে সৌদি সীমান্তে হামলায় সৌদি আরবের তিন ও আমিরাতের এক সৈন্য নিহত হয়েছে। এ অঞ্চলে ইরান সমর্থনপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে রিয়াদ বিমান অভিযানের নেতৃত্ব দিচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা পরিবেশিত সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, বুধবার সূর্যাস্তের সময় জিজান অঞ্চলে রকেটের আঘাতে দুই সৌদি সৈন্য নিহত হয়েছে।

এ হামলার উৎসের ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া না গেলেও গত মার্চ মাসে ইয়েমেনি শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে রিয়াদের বিমান অভিযান শুরুর পর থেকেই তারা প্রায়ই সীমান্তের ওপার থেকে গোলা বর্ষণের ঘটনা ঘটাচ্ছে।

বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, আসির অঞ্চলের আলাব ক্রসিং পয়েন্টে সৌদি সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, সোমবার সীমান্তে হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে আমিরাতের এক সৈন্য নিহত হয়েছে।

নির্বাসিত প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদির সমর্থনে গত ২৬ মার্চ থেকে ইয়েমেন বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান অভিযান চালানো সৌদি নেতৃত্বোধীন জোটের অংশ হচ্ছে ইউএই।

বিমান অভিযান শুরুর পর থেকেই সীমান্ত বরাবর বিভিন্ন সংঘর্ষ ও গোলা বর্ষণের ঘটনায় কমপক্ষে ৪৩ জন সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এদিকে ইয়েমেনের অভ্যন্তরে বিদ্রোহী ও সরকারপন্থী বাহিনীর মধ্যে কয়েক মাসের সংঘর্ষে ২ হাজার ৬শ’ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।