সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের একটি সামরিক ঘাঁটি শেবাব জঙ্গিদের দখলে
সোমালিয়ার দক্ষিণাঞ্চলের একটি গ্রামে শুক্রবার আফ্রিকান ইউনিয়নের একটি সামরিক ঘাঁটি দখল নেয়ার দাবি করেছে শেবাব জঙ্গিরা।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, মোগাদিসুর ১শ’ কিলোমিটার উত্তর-পশ্চিমের লেগো গ্রামে সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন মিশনের (এএমআইএসওএম) একটি ঘাঁটি দখল করে নিয়েছে জঙ্গিরা। ওই ঘাঁটিতে বুরুন্ডির সৈন্যরা মোতায়েন ছিল। দেশটিতে শান্তি রক্ষায় আফ্রিকান ইউনিয়ন মিশনের ২২ হাজার সৈন্য নিয়োজিত রয়েছে।
বাসিন্দারা জানান, শুক্রবার ভোরে জঙ্গিরা মেশিন গান ও রকেটচালিত গ্রেনেড নিয়ে ঘাঁটিতে অভিযান শুরু করে। এরপর এক আত্মঘাতী হামলাকারী ঘাঁটির প্রবেশদ্বারে বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় বাসিন্দা হাসান মোহামেদ বলেন, ‘আমরা ধোঁয়া দেখেছি এবং বিস্ফোরণের শব্দ শুনেছি। এএমআইএসওএম ঘাঁটিতে ভারী অস্ত্রে সজ্জিত শেবাব জঙ্গিদের সঙ্গে প্রচন্ড যুদ্ধ হয়েছে।’
অন্যান্য প্রত্যক্ষদর্শীরাও ঘাঁটিতে প্রচণ্ড যুদ্ধের খবর নিশ্চিত করেছে। সেখানে কারো প্রাণহানি হয়েছে কিনা তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে শেবাবের এক মুখপাত্র দাবি করেছেন, জঙ্গিরা ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তারা বেশ কয়েকজনকে হত্যা করেছে, নিজেদের পতাকা উড়িয়েছে ও অস্ত্র দখল করে নিয়েছে।
শেবাব কমান্ডার মোহাম্মদ আবু ইয়াহিয়া বলেন, ‘লেগো গ্রামে শুক্রবার সকালে এএমআইএসওএম’র প্রধান ঘাঁটিতে কালো ইসলামি পতাকা উড়ানো হয়েছে এবং শত্রুদের মরদেহ এখানে সেখানে পড়ে রয়েছে। মুজাহেদিন যোদ্ধারা সকল সামরিক সরঞ্জামাদি দখল করে নিয়েছে।’
এএমআইএসওএম’র এক বিবৃতিতে লেগো ঘাঁটিতে ‘একটি চলমান হামলার’ কথা স্বীকার করে নেয়া হয়েছে।
একে/পিআর