লাহোরে হামলা : সেনা অভিযানে আটক ১৫


প্রকাশিত: ১১:১৩ এএম, ২৮ মার্চ ২০১৬

পাকিস্তানের লাহোরের গুলশান ই-ইকবাল পার্কে ভয়াবহ বিস্ফোরণে ৭২ জনের প্রাণহানির একদিন পর দেশটির সামরিক বাহিনী বলছে, দেশের বিভিন্ন জায়গা থেকে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিম বাওজা বলেছেন, প্রচুর অস্ত্রও উদ্ধার করা হয়েছে। রোববার ইস্টার সানডে উদযাপনের সময় অনেকের পরিবার-পরিজন নিয়ে ওই পার্কে সমবেত হয়েছিলেন। জঙ্গিগোষ্ঠী তালেবানের অনুসারী জামাতুল আহরার ওই হামলার দায় স্বীকার করেছে। হামলায় আহত হয়েছে তিন শতাধিক।

কর্মকর্তারা বলছেন, এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

পাকিস্তানি তালেবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওই জঙ্গিগোষ্ঠী বলছে, লাহোরের খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। পুলিশ এই দাবির সত্যতা যাচাই করে দেখছে।

সোমবার নিহতদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। সম্পন্ন হচ্ছে দাফন কাজও। পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, তার পুত্রকন্যাদের হত্যাকারী সন্ত্রাসীদের তিনি নির্মূল করে ছাড়বেন। তিনি বলেন, শুধু সন্ত্রাসের অবকাঠামো ধ্বংস করাই তার উদ্দেশ্য নয়, চরমপন্থিদের চিন্তাভাবনা পরিবর্তনেরও তিনি কাজ করে যাবেন।

দেশটির প্রেসিডেন্ট এই হামলার নিন্দা জানিয়েছেন। তিন দিনের শোক ঘোষণা করেছে প্রাদেশিক সরকার।

এদিকে, পাক সেনাবাহিনীর বরাত দিয়ে ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি ও তাদের সহযোগী এবং আস্তানা লক্ষ্য করে সেনাবাহিনী ও রেঞ্জারস পুরো পাঞ্জাবে অভিযান চালাবে। সোমবার সেনা সদর দফতরে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল রাহেল শরীফের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।