রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনের জরুরি অবস্থা প্রত্যাহার


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৯ মার্চ ২০১৬

মিয়ানমারের রোহিঙ্গা-অধ্যুষিত রাখাইন প্রদেশে ২০১২ সালে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার একদিন আগে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন ওই অঞ্চলের জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।

২০১২ সালে বার্মার পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ এবং সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া গৃহহীন হয়ে পড়ে আরো অন্তত ৪০ হাজার মানুষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করা হয়।

সেই সময় গৃহহীন হয়ে পড়া এসব মানুষের মধ্যে মুসলিম সংখ্যালঘুদের সংখ্যাই বেশি ছিল। এদের অনেকেই মৌলিক অধিকার বঞ্চিত হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। বুধবার প্রেসিডেন্ট থেইন সেইন ক্ষমতা থেকে বিদায় নিচ্ছেন। তার ক্ষমতা ছাড়ার আগে এটি হচ্ছে তার শেষ পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম।

গত বছর হাজার হাজার রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে মালয়েশিয়া যাওয়ার জন্য নৌকায় করে সাগর পাড়ি দিতে গিয়ে আন্দামান সাগরে আটকা পড়ে। পরে এই ঘটনা বিশ্ব গণমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।  বার্মায় বুধবার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন থিন কিয়াও। এর আগে নভেম্বর মাসের নির্বাচনে অং সান সুচির এনএলডি বিপুল ভোটে জয়ী হয়।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।