সেই বিমান ছিনতাইকারী সাইপ্রাসে রিমান্ডে


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ৩০ মার্চ ২০১৬

ভূয়া আত্মঘাতী বেল্ট দেখিয়ে মিসরের বিমান ছিনতাইয়ের ঘটনায় আটক সেইফ এলদিন মুস্তফাকে রিমান্ডের আদেশ দিয়েছে সাইপ্রাসের একটি আদালত। লারকানার আদালত অভিযুক্ত সেইফকে আট দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি, অপহরণ ও বিমানের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে।

আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সেইফ এলদিন মুস্তফা কোনো কথা না বললেও বিজয় চিহ্ন (ভি) দেখান। সাইপ্রাস কর্তৃপক্ষ তাকে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে বলছে, ওই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইজিপ্ট এয়ারের একটি বিমান মিসরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রোর উদ্দেশে উড্ডয়ন করে। যাত্রীবেশে থাকা সেইফ নিজের কাছে আত্মঘাতী বেল্ট আছে দাবি করে সাইপ্রাসের দক্ষিণ উপকূলের লারনাকা বিমানবন্দরে বিমানটি অবতরণে পাইলটকে বাধ্য করে। পরে যাত্রীদের মধ্যে কয়েকজনকে রেখে বাকিদের ছেড়ে দেয় সেইফ।

প্রায় ছয় ঘণ্টার নাটকীয়তা শেষে পুলিশের কাছে আত্মসমপর্ণন করে ওই ছিনতাইকারী। সেইফ পুলিশকে জানায়, সাইপ্রাসে থাকা তার সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতেই বিমান ছিনতাই করেছেন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।