নারীরা পুরুষের জায়গা দখল করতে চায় না
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীরা পুরুষের জায়গা দখল করতে চায় না, পুরুষের পাশাপাশি থাকতে চায়। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে সমানতালে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে ও রংপুর বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় বুধবার দুপুরে বিভাগীয় পর্যায়ে জয়িতাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে বর্তমান জিডিপি হার বৃদ্ধিতে নারীর অবদান রয়েছে উল্লেখ করে চুমকি বলেন, বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র করে এই অগ্রযাত্রাকে কেউ দমাতে পারবে না। আমরা বড় একটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। সেটা হচ্ছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার যুদ্ধ।
বাংলাদেশকে এগিয়ে নিতে নারী-পুরুষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এছাড়াও যারা নারীদের হত্যা, ধর্ষণ এবং নির্যাতন করে তাদের বিরুদ্ধে আমাদের আরো একটি যুদ্ধ করতে হবে।
এবারের নির্বাচিত জয়িতা নারীরা হলেন, অথনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রংপুরের সারতা রানী সাহা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী হোসনে আরা, সফল জননী রহিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী দিনাজপুরের দোয়েলী বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী কুড়িগ্রামের সাইদা ইয়াসমীন।
বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, রংপুর জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মীনু শীলসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ এবং জেলা ও বিভাগীয় প্রশাসানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগের ৮ জেলা থেকে প্রাপ্ত ৪০ জন নারীর মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারী নির্বাচিত করা হয়।
জিতু কবীর/এফএ/এবিএস