৪ তলা থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু


প্রকাশিত: ০৫:৪০ এএম, ০৮ এপ্রিল ২০১৬

বরিশাল ক্লাব লিমিটেডের গেস্ট হাউজের ৫ তলা ভবনের ৪ তলা থেকে নিচে পড়ে গিয়ে রফিকুল ইসলাম নামে (৪৫) এক সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম পেশায় ব্যবসায়ী। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া এলাকার হাসান আলীর ছেলে।

বরিশাল ক্লাব লিমিটেডের একাধিক কর্মকর্তা জানান, ব্যবসায়ী রফিকুল ইসলাম বুধবার ঢাকা থেকে বরিশাল আসেন। ক্লাবের সদস্য হওয়ায় গেস্ট হাউজের ৪ তলার ৪০১ নম্বর কক্ষে তিনি ওঠেন। ওই কক্ষের বেলকনির রেলিং ছিল না। ধারণা করা হচ্ছে, ফজরের নামাজ পড়তে ঘুম থেকে জেগে অসাবধানতাবশত কক্ষের বেলকনি থেকে নিচে পড়ে যায়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। রফিকুল ইসলামের স্বজনদের খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাইফ আমীন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।