চট্টগ্রাম-২ আসন
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল শুনানি আজ
চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফেরতের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আজ (১ ফেব্রুয়ারি)।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে গত বুধবার (২৮ জানুয়ারি) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এ দিন ঠিক করেন।
এর আগে ঋণখেলাপির অভিযোগে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ওই দিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস কাজল।
গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। সারোয়ার আলমগীর রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল।
জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করেন কমিশন। এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যান।
এফএইচ/বিএ/এমএস