পূর্বাচলে প্লট দুর্নীতি

হাসিনা-টিউলিপ-আজমিনা-রাদওয়ানের মামলার রায় দুপুর ১২টায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি)। ঢাকার বিশেষ জজ-৪ আদালতে দুপুর ১২টায় এই রায় ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই দুই মামলায় অভিযোগ আনা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন।

এই মামলাগুলোতে শেখ রেহানার আরেক মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তদন্তে সংশ্লিষ্ট হিসেবে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের বিরুদ্ধেও অভিযোগ আসে মামলাটিতে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকার বিশেষ জজ-৪ আদালতে মামলাগুলোর শুনানি সম্পন্ন হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জাগো নিউজকে জানান, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে সরকারি প্লট গ্রহণের অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক রাশেদুল হাসান ও আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলাগুলোতে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

আদালত সূত্রে আরও জানা যায়, বিগত সরকারের সময় পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট নম্বর ১১ এবং আজমিনা সিদ্দিকের প্লট নম্বর ১৯।

রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে তাকে প্রধান আসামি করে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৬ জনের বিরুদ্ধে গত বছরের ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। তদন্তে সংশ্লিষ্ট হিসেবে নাম আসায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে চলতি বছরের ১০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অন্যদিকে, আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে তাকেও প্রধান আসামি করে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৬ জনের বিরুদ্ধে গত বছরের ১৩ জানুয়ারি পৃথক মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এই মামলায়ও তদন্ত শেষে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে ১০ মার্চ অভিযোগপত্র জমা দেন তিনি।

এমডিএএ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।