ওয়াসার সাবেক এমডি সালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে রিট
ঢাকা ওয়াসার সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অবৈধ নিয়োগ এবং অর্থ পাচারের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রিটে অভিযোগগুলোর অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাকে দেশের বাইরে যেতে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তার সম্পদের তথ্য যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়েছে।
ওয়াসার সাবেক এমডির বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক কী পদক্ষেপ নিয়েছে, তার প্রতিবেদন প্রকাশ ও আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
‘‘কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি’’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে এবং অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খাদিজাতুল কুবরা এ রিট আবেদন দায়ের করেন। রিটের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী নিজে।
রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, এলজিআরডি মন্ত্রী ও প্রতিমন্ত্রী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, আব্দুস সালামের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অবৈধ নিয়োগ ও অর্থ পাচারের অভিযোগে তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে তার ও পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশনা দেওয়ারও আবেদন জানানো হয়েছে।
১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন আব্দুস সালাম ব্যাপারী। পরে, তিনি পদোন্নতি পেয়ে সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হন এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘কানাডার বেগমপাড়ায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তাকে ঘিরে বিতর্ক শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৮ মার্চ তিনি এমডি পদ থেকে পদত্যাগ করেন।
এদিকে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আব্দুস সালামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই অভিযোগে মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। এছাড়া বেসরকারি টেলিভিশনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
এফএইচ/এমএএইচ/