আদালত প্রাঙ্গণে মাসুদ উদ্দিনের ওপর ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৪ মার্চ ২০২৬
মাসুদ উদ্দিনের ওপর ময়লা পানি ছুড়ে মারা হয়েছে

মানবপাচার মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে নেওয়ার সময় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি ও পচা ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে একই আদালত মানবপাচার আইনে দায়ের করা একটি মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, বিকেল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে মাইক্রোবাসে করে আদালতে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তাকে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) রায়হানুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে সন্ধ্যায় তাকে নবম তলার আদালত থেকে হাজতখানায় নেওয়ার জন্য বের করা হয়। লিফট থেকে নিচে নেমে সামনের দিকে এগোতেই পেছন দিক থেকে এক ব্যক্তি তার গায়ে ময়লা পানি ছুড়ে মারেন। এ সময় তার দিকে পচা ডিমও ছুড়ে মারা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি আগে থেকেই একটি পলিথিনে করে ময়লা পানি নিয়ে সেখানে অবস্থান করছিলেন।

ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেও ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। পরে দ্রুত মাসুদ উদ্দিন চৌধুরীকে নিরাপত্তার মধ্যে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমডিএএ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।