উচ্চ আদালতে মামলাজট নিরসনে ভূমিকা রাখতে চাই: অ্যাটর্নি জেনারেল
দেশের উচ্চ আদালতে মামলাজট নিরসনে ভূমিকা রাখার আশা প্রকাশ করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রোববার (২৯ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন।
সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনাকারী কর্তৃপক্ষ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে জানিয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আইনজীবীদের মধ্যে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে নোট-বাণিজ্যের অভিযোগ আছে। এখানে আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করবো।’
‘আমরা এখানে কোনো অবৈধ কাজ করছি না, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করছি। ইতিপূর্বে এই নোট-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অনেক আইন কর্মকর্তার বিরুদ্ধে পছন্দমতো বেছে বেছে ব্যবস্থা নেওয়ার অভিযোগ আছে। আবার কিছু ক্ষেত্রে অবৈধ লেনদেনেরও অভিযোগ আছে। আমরা কিছু ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখেছি। আমার নিয়োগের পর থেকেই আমি এ ধরনের বেআইনি কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে সুস্পষ্ট বার্তা দিচ্ছি। তাদের শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি,’ যোগ করেন তিনি।
মামলাজট প্রসঙ্গে প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘উচ্চ আদালতে মামলাজট নিরসনে ভূমিকা রাখতে চাই। এক্ষেত্রে পুরোনো মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে পৃথক একটি বেঞ্চ গঠন করতে হবে।’
রুহুল কুদ্দুস কাজল জানান, এই মামলাগুলো নিষ্পত্তি হয় বিচারিক প্রক্রিয়ায় এবং তা করেন বিচারপতিরা। বর্তমান প্রধান বিচারপতি আপিল বিভাগে অনেক পুরোনো ও পড়ে থাকা মামলা নিষ্পত্তি করেন। একটি হিসাব ছিল যে আপিল বিভাগে সাড়ে চার হাজার পুরোনো মামলা আছে। কিন্তু এসব মামলা হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
‘এই মামলা (আপিল বিভাগে) নিষ্পত্তির সময় আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, এগুলো আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে না। চূড়ান্ত রুল শুনানি হাইকোর্টে করতে হবে। আমি উনাকে (প্রধান বিচারপতি) বলেছিলাম, মামলাগুলো নিষ্পত্তিতে হাইকোর্টে যদি একটি পৃথক বেঞ্চ করে দেন, তাহলে ভালো ফল পাওয়া যাবে। অনেক মামলার বিষয়বস্তু অলরেডি এখন (কার্যকর) নেই। তিনি বলেছিলেন, এটি ভালো প্রস্তাব। প্রধানমন্ত্রী যদি অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার মতামত চান আমি কিছু মতামত দেব এবং মামলাজট হ্রাস করার ক্ষেত্রে ভূমিকা রাখবো,’ বলেন রুহুল কুদ্দুস কাজল।
এফএইচ/একিউএফ