দুই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ৩০ মার্চ ২০২৬
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

গণঅভ্যুত্থানে আন্দোলনকালীন সহিংসতার ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামসেদ আলম আদাবর ও যাত্রাবাড়ী থানার মামলাগুলোতে শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, চব্বিশের আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার পরিপ্রেক্ষিতে দায়ের করা পৃথক দুই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।

এর আগে, চলতি মাসেই পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান খায়রুল হক। তবে জামিনের পরপরই নতুন মামলায় গ্রেফতার আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালতে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা বিষয়টিকে ‘জুডিশিয়াল মব সন্ত্রাস’ বলে মন্তব্য করেন। পরে বিচারকের আপত্তির মুখে তারা সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

এদিকে, একই দিনে যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

এমডিএএ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।