সাংবাদিক শাকিল-ফারজানার জামিনের বিষয়ে আদেশ পেছালো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা, ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের পর দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার পৃথক ১৩ জামিন আবেদনের আদেশের দিন পিছিয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশর জন্য আগামী ১১ মে দিন ঠিক করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যোর্তিময় বড়ুয়া।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জামিনের বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন দিন ধার্য করেন। এর আগে গত ২১ এপ্রিল শুনানি শেষে আজ ২৮ এপ্রিল আদেশের দিন ধার্য ছিল।

রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ২০২৪ সালের ৩১ আগস্ট এই সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান আদালত। ওই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।

শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ।
 
এফএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।