ট্রাকচালক হোসেন হত্যা

শেখ হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
পুলিশের প্রিজন ভ্যানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২১ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। নির্ধারিত তারিখে অভিযোগ গঠনের শুনানির জন্য পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত শুনানি পিছিয়ে নতুন দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে এ ঘটনার শিকার হন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় একই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যেখানে শেখ হাসিনা ও পলকসহ ৩৪ জনকে আসামি করা হয়।

এদিকে, সাবেক প্রতিমন্ত্রী পলককে আদালতে আনার সময় তার আহত হওয়া নিয়ে আলোচনা তৈরি হয়। তবে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, এটি আজকের ঘটনা নয়। কয়েকদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। আদালতে হাজির হওয়ার সময় পলক নিজেই বিষয়টি আইনজীবীকে জানান এবং চিকিৎসার বিষয়টি আদালতের নজরে আনার কথা বলেন।

এমডিএএ/এমএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।