নীলক্ষেতে ব্যবসায়ী হত্যা

সাবেক এমপি আবদুর রউফকে গ্রেফতার দেখানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৬ মে ২০২৬
আদালত প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য আবদুর রউফ, ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার সময় রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর আমজাদ হোসেন তালুকদার গত ৩০ এপ্রিল আবদুর রউফকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত নির্ধারিত দিনে তাকে হাজির করার নির্দেশ দেন।

শুনানির দিন আবদুর রউফকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

আবদুর রউফ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য ছিলেন।

এমডিএএ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।