নতুন মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীরকে গ্রেফতার দেখানোর নির্দেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কোতোয়ালি থানার তাঁতিবাজার এলাকায় রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
আরও পড়ুন
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে গ্রেফতার দেখানোর আবেদন
মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহসীন উজ্জীন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট কোতোয়ালি থানার তাঁতিবাজার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের কিছু সদস্য হামলা চালায়। এসময় রিকশাচালক রিপন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৭ আগস্ট তার মৃত্যু হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মো. জাহাংগীর আলম সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগসাজশে আন্দোলন দমন এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতা চালানোর পরিকল্পনায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলায় ইন্ধন ও পরিকল্পনায় সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মো. জাহাংগীর আলম বর্তমানে ডিএমপির লালবাগ থানার একটি বিস্ফোরক দ্রব্য ও হত্যা মামলায় কারাগারে রয়েছেন। তাই সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।
এছাড়া জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন এবং তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, মামলাটি দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/১০৯/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।
এমডিএএ/এমআইএইচএস