শাহ আলী মাজারে হামলার মামলায় তিন আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৭ মে ২০২৬

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (র.) মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

রোববার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো আসামিরা হলেন মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) গৌতম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার পরিদর্শক তারিকুর রহমান আসামিদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মো. কামাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) রাতে মিরপুরের শাহ আলী মাজারে ওরশ চলাকালে একদল লোক লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। জিয়ারত ও মানতের সময় তারা মাজারে প্রবেশ করে ভক্ত ও দর্শনার্থীদের মারধর করে এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।

এ ঘটনায় এক নারী ভুক্তভোগী শনিবার (১৬ মে) শাহ আলী থানায় মামলা দায়ের করেন। পরে একইদিন রাত সাড়ে ৯টার দিকে উত্তর বিশিল এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এজাহারে অভিযোগ করা হয়, অভিযুক্তদের সঙ্গে আরও অজ্ঞাত পরিচয়ের ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে মাজারে প্রবেশ করেন। পরে তারা জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা চালান।

হামলার সময় মাজারের গাছের গোড়ায় বাঁধা লাল কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং মোমবাতি জ্বালানোর প্লেট ভাঙচুর করা হয় বলেও অভিযোগ রয়েছে। বাধা দিতে গেলে বাদীকেও মারধর করা হয়।

এছাড়া হামলার সময় মানতের খিচুড়ি রান্নার চুলা ও পাতিল ভাঙচুর করা হয়। বাদীর কাছে থাকা ৬ হাজার টাকা এবং জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, একপর্যায়ে মাজারে উপস্থিত ভক্ত ও স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এমডিএএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।