চট্টগ্রামে মাদক কারবারির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১৭ মে ২০২৬
ফাইল ছবি

চট্টগ্রামে এক হাজার ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. জাফর (৫৩) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত জাফর রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকার সোহাব আলী বাড়ীর মো. হাশেমের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বলেন, ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় আকবর শাহ থানার একটি মামলায় জাফরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাঁচজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ড দেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১২ মার্চ নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনি এলাকায় অভিযান চালায় র‍্যাব-৭ এর একটি টিম। অভিযানে একটি প্রাইভেটকার তল্লাশি করে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৭ এর তৎকালীন পুলিশ ইন্সপেক্টর অমল চন্দ বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা দায়ের করেন।

এমডিআইএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।