হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনকে গ্রেফতার দেখানো হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মো. জাহাঙ্গীর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৪ মে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শামীম হোসেন সুজনকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।
নির্ধারিত দিনে নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ, র্যাব এবং বিজিবির সদস্যরা গুলি ছোড়ে। এতে মো. জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করা হয়।
এর আগে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
এমডিএএ/এসএনআর