আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২০ মে ২০২৬
ফাইল ছবি

বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

বুধবার (২০ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে এসআরএফ।

সকালে এসআরএফ সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সই করা চিঠিতে বলা হয়, বিগত প্রায় চার মাস ধরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে এজলাস কক্ষে সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ ও সঠিক সংবাদ সংগ্রহ করতে পারছেন না সাংবাদিকরা। এতে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে জনগণকে যথাযথ ও নির্ভুল তথ্য প্রদান ব্যাহত হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহি ও জনআস্থা বজায় রাখতে গণমাধ্যমের অবাধ ও দায়িত্বশীল উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এজলাস কক্ষে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের সুযোগ না থাকলে অনেক ক্ষেত্রে তথ্যের ঘাটতি, বিভ্রান্তি কিংবা অসম্পূর্ণ সংবাদ পরিবেশনের আশঙ্কা তৈরি হয়, যা বিচার বিভাগের ভাবমূর্তির জন্যও অনুকূল নয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে আগেও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে।

পাশাপাশি সাংবাদিকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন। কিন্তু এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

ঈদুল আজহার পর থেকে আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে চিঠিতে বলা হয়, প্রধান বিচারপতি ঈদুল আজহার পর থেকে আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের অনুমতি প্রদান করার জন্য সদয় নির্দেশনা দেবেন, এটাই কামনা।

চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী গ্রহণ করেছেন। এ সময় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এফএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।