সায়মন হত্যাচেষ্টা মামলা

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার দেখানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৮ মে ২০২৬
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা

২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টার মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদন মঞ্জুর করেন এবং দীপঙ্কর তালুকদারকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে জুলাই আন্দোলনকেন্দ্রিক একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং বিভিন্ন মামলায় রিমান্ডেও নেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে পল্টনে মহাসমাবেশ করে। সেখানে অংশ নেন ভুক্তভোগী বদরুল ইসলাম সায়মন। অভিযোগ রয়েছে, সমাবেশে অতর্কিত হামলার সময় তিনি গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় বদরুল ইসলাম সায়মন নিজেই বাদী হয়ে ২০২৫ সালের ২৯ এপ্রিল পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৫ জনকে আসামি করা হয়েছে।

এমডিএএ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।