শিক্ষক লাঞ্ছনার মামলায় সেলিম ওসমানের আত্মসমর্পণ


প্রকাশিত: ০৫:২৮ এএম, ১৪ মে ২০১৭
ফাইল ছবি

ধর্ম অবমাননার অভিযোগ তুলে নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন স্থানীয় সংসদ সদস্য (জাপা) সেলিম ওসমান। 

রোববার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন তিনি।

আদালতের অতিরিক্ত পিপি অতিরিক্ত আনোয়ার কবির বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বছরের মে মাসে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার লতিফ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে একদল লোক মারধোর করেন। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।

জেএ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।