খুলনা, বগুড়া ও ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১০ এপ্রিল ২০২৬

বাংলাদেশ আন্তর্জাতিক খেলা হলেই ঢাকা, চট্টগ্রাম আর সিলেটেই ম্যাচ হচ্ছে গত কয়েক বছর ধরে। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি এবার বগুড়া, খুলনা ও ফতুল্লার তিনটি স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায়।

এক সময় নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হওয়া এই ভেন্যুগুলো দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এখন কার্যত নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। বগুড়ায় সর্বশেষ পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট। এরপর শুধু নারী ক্রিকেটের একটি ম্যাচ ছাড়া দীর্ঘ সময় সেখানে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ গড়ায় ২০১৬ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। আর ফতুল্লার মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে।

শুক্রবার অ্যাডহক কমিটির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন এই মাঠগুলো সংস্কার করে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো উদ্যোগ নিচ্ছে বিসিবি

বাবু বলেন, ‘এই মাঠগুলো একসময় আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভেন্যু ছিল। কিন্তু দীর্ঘদিন খেলা না হওয়ায় স্বীকৃতি হারিয়েছে। এখন আমাদের অনেক মাঠের প্রয়োজন। তাই এগুলোকে আবার আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করব।’

তিনি আরও জানান, শুধু সংস্কার নয়, মাঠগুলোকে আন্তর্জাতিক মানে ফেরাতে অবকাঠামো উন্নয়ন, উইকেট প্রস্তুতি এবং আধুনিক সুবিধা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

এসকেডি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।