একই ব্যানারে আওয়ামী লীগ বিএনপির সংবাদ সম্মেলন
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে জাতীয় সংসদে প্রধান বিচারপতি, উচ্চ আদালতের বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের নিয়ে করা ‘আপত্তিকর’ বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে স্পিকারের কাছে এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এছাড়া উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক এম মাহবুব উদ্দীন খোকন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ বিএনপিপন্থী বারের সদস্য এবং আইনজীবীরা।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবক। সংসদ সদস্যরা সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিষোদগার করে সংবিধানকেই অবমাননা করেছেন। সংসদে সুপ্রিম কোর্ট, প্রাধান বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের কটাক্ষ করে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই কাম্য নয়। এভাবে তারা জনগণকে আঘাত এবং অপমান করেছেন।
তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামীপন্থী অংশ এ সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পৃথক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. অজি উল্লাহ বলেন, বিএনপির আইনজীবীরা তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য এ সংবাদ সম্মেলনের করেছেন। সংসদের আলোচনাকে প্রাণবন্ত এবং গঠনমূলক উল্লেখ করে তিনি আরও বলেন, সংবিধান এর যেকোনো সংশোধনীর রায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর পক্ষে বিপক্ষে আলোচনা হওয়া স্বাভাবিক।
এফএইচ/এএইচ/এমএস