নব্য জেএমবির আমিরের স্ত্রী ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১১ জুলাই ২০১৭

রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চু ওরফে সাজিদ হাসান ওরফে বাজিদের স্ত্রী আশরাতি জাহান ওরফে তিথির ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার কুষ্টিয়া জেলা থেকে ঢাকায় এনে ওই মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা র্যা ব-৩ এর উপ-পরিদর্শক আব্দুল করিম।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহা. আহসান হাবীব ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি একজন কট্টরপন্থী, কুসংস্কারে বিশ্বাসী ও উগ্রপন্থী জঙ্গি সংগঠন (সরোয়ার তামিম গ্রুপের সক্রিয় সদস্য) এবং নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুর স্ত্রী।

তিথি জঙ্গি সংগঠনের প্রতি যুবক-যুবতীদের সংগঠিত করে আসছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন তথ্য, আলামত ও পলাতক জঙ্গিদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১০ মার্চ রাতে র্যা ব-৩ এর একটি দল অভিযান চালিয়ে মো. জাইদুল হক ওরফে জিহান, ফাতেমা আক্তার ওরফে রুমাকে গ্রেফতার করে। এরপর তাদের অন্য জঙ্গি মামলায় রিমান্ডে নেয়া হয়। গাজীপুরে জঙ্গি অভিযানে নিহত জঙ্গি অপুর স্ত্রী হলেন রুমা। স্বামী নিহতের পর থেকে তিনি জিহানের সঙ্গে জঙ্গি কার্যক্রম পরিচালনা করেন।

ওই ঘটনায় ১৩ এপ্রিল র্যা বের উপ-সহকারী পরিচালক মো. জহির উদ্দীন বাবর বাদী হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

জেএ/এএইচ/এমএআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।