বেগম সম্পাদকের বাড়ি হেরিটেজ হিসেবে সংরক্ষণে নোটিশ
সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ও বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম এবং সাহিত্যিক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের স্মৃতি বিজড়িত ১২৭ বছরের ‘নাসির উদ্দিন স্মৃতি ভবন’ হেরিটেজ হিসেবে সংরক্ষণ করার জন্য আইনি নোটিশ দেয়া হয়েছে।
নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভবনটিকে হেরিটেজ হিসেবে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
বুধবার দুপুরে নূরজাহান বেগম ও রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের কন্যা ফ্লোরা নাসরিন খাঁনের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
নোটিশে স্বরাষ্ট্র সচিব, সংস্কৃতি সচিব, প্রত্নতত্ব বিভাগের ডিজি, আইজিপি, ডিএমপি কমিশনার, গেন্ডারিয়া থানার ওসি, রাজউক চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটির মেয়রকে বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়, সওগাত সম্পাদক নাসির উদ্দিন, বেগম সম্পাদক নূরজাহান বেগম এবং শিশু সহিত্যিক রোকনুজ্জামান খান দাদা ভাই গেন্ডারিয়ার নারিন্দা এলাকার শরৎগুপ্ত রোডের বাড়িতে বসবাস করতেন। যেটি ‘নাসির উদ্দিন স্মৃতি ভবন’ নামে পরিচিত। ১৮৯০ সালের দিকে কিশোরগঞ্জের এক হিন্দু জমিদার এটি তৈরি করেছিলেন। তাই ১২৭ বছরের এ বাড়িটিকে হেরিটেজ হিসাবে সংরক্ষণ করা যেতে পারে।
সম্প্রতি নূরজাহানের ছোট মেয়ের জামাই এ বাড়ি ভেঙ্গে বহুতল ভবন তৈরির চেষ্টা করছেন উল্লেখ করে সংরক্ষণের জন্য ফ্লোরা খান গত প্রত্নতত্ব অধিদফতরের কাছে ৬ জুলাই আবেদন করেন। কিন্তু এতে তারা সাড়া দেননি।
ইউনুছ আলী বলেন, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বাড়ীটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।
নূরজাহান বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের কন্যা। ভারত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ পত্রিকার সূচনালগ্ন থেকে এর সম্পাদনার কাজে জড়িত এবং ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। বিয়ে করেছিলেন রোকনুজ্জামান খান দাদা ভাইকে।
উল্লেখ্য গত বছরের ২৩ মে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মহীয়সী এই নারী।
এফএইচ/এমএমজেড/পিআর