ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৫ এএম, ১২ জুলাই ২০১৭

সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।

রিটে রাষ্ট্রপতির সচিব, কেবিনেট সচিব, স্পিকার ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে সংবিধানের ৭৭ অনুচ্ছেদ ও ১৯৮০ সালের অ্যামবুসমেন্ট আইনে ন্যায়পাল নিয়োগে সরকারের নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল জারির আবেদন জানানো হয়েছে।

ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। তাছাড়া ন্যায়পাল নিয়োগে ১৯৮০ সালে আইন হলেও সে আইন কার্যকর করা হয়নি। সংবিধানের ৭৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করিতে পারবেন।’

তিনি বলেন, ‘অ্যামবুসমেন্ট আইনের ৩ ধারা অনুযায়ী সংসদের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতিকে ন্যায়পাল নিয়োগের ক্ষমতা দেওয়া হয়। কিন্তু ৪৬ বছরেও সরকার ন্যায়পাল নিয়োগ দেয়নি। এতে সরকার সংবিধানের ৭৭ অনুচ্ছেদ এবং একইসঙ্গে ১৯৮০ সালের অ্যামবুসমেন্ট আইনের ৩ ধারা লঙ্ঘন করেছে। তাই সরকারের এ নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা চাওয়া হয়েছে রিটে।’

তিনি বলেন, ন্যায়পাল নিয়োগ না দেওয়ায় সরকারি কর্মকর্তারা দুর্নীতি করতে ভয় পান না। ন্যায়পাল নিয়োগের মাধ্যমে তদন্তের ব্যবস্থা থাকলে সরকারি কর্মকর্তারা দুর্নীতি থেকে দূরে থাকবেন। দুর্নীতি দূর করতে দ্রুত ন্যায়পাল নিয়োগ জরুরি হয়ে পড়েছে

বাংলাদেশ সবিধানের ৭৭নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে। ন্যায়পালের কাজ সম্পর্কে ওই আইনের ৬ ধারায় বলা হয়েছে, মন্ত্রণালয়সহ সব সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত তদন্ত ও বিচার করবে। সংবিধানে ন্যায়পাল নিয়োগের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। ১৯৭২ সাল থেকে সংবিধানে ন্যায়পালের বিধান রয়েছে।

পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত কমিশনার বা কর্মকর্তাকে ন্যায়পাল বলে। তিনি সরকার, মন্ত্রণালয়, সরকারি কোনো প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করেন। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন পর্যায়ে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। ন্যায়পাল অভিযোগ সম্পর্কে তদন্ত রিপোর্ট করেন কিন্তু বাস্তবায়ন করতে পারেন না। 

এফএইচ/এমআরএম/এসআর/পিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।