কুবি’র শিক্ষককে বাধ্যতামূলক ছুটি : উপাচার্যকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২০ আগস্ট ২০১৭

জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) ক্লাস নেয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভূঁইয়াকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

একই সঙ্গে প্রত্যাহারের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা ১২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে জানাতে বলা হয়েছে।

রোববার ওই শিক্ষকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোর্তিময় বড়ূয়া ফ্যাক্স ও রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন বলে জাগো নিউজকে জানান তিনি।

তিনি জানান, কোনো রকম তদন্ত কমিটি গঠন বা নোটিশ ছাড়াই শিক্ষক মাহবুবুল হককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এই সিদ্ধান্ত বাতিলে আগামী ১২ ঘণ্টার নোটিশ দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে ওই শিক্ষককে কর্মস্থলে না ফেরালে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, গত ১৭ আগস্ট এক চিঠিতে মো. মাহবুবুল হক ভূঁইয়াকে এক মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এ ক্ষেত্রে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও বিধান অনুসারে এভাবে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিধান নেই। তাই এ ছুটি প্রত্যাহার চেয়ে নোটিশ দেয়া হয়েছে। যদি উপাচার্য ও রেজিস্ট্রার নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে ব্যর্থ হন, তাহলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ক্লাস নেয়ার অভিযোগে মাহবুবুল হক ভূঁইয়াকে এক মাসের ছুটি (২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এফএইচ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।