কুবিতে শিক্ষক অপসারণের দাবিতে ছাত্রলীগের তালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৬ আগস্ট ২০১৭

জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ না নিয়ে নিজ বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নেয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুবুল হক ভুঁইয়া তারেকের অপসারণ দাবি করেছে কুবি শাখা ছাত্রলীগ।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ওই শিক্ষকের অপসারণ দাবিতে আন্দোলন শুরু করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এছাড়াও ক্যাম্পাসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা।

এর আগে মঙ্গলবার বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর প্রশাসনিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরেই প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে আলোচনা সভায় অংশ নেয়।

আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ। কিন্তু আলোচনা সভায় অংশ না নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক ভুঁইয়া তারেক নিজ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা দ্রুত সেখানে যায় এবং তাকে ক্লাস নেয়া থেকে বিরত থাকতে বলে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ জানান, মাহবুবুল হক ভুঁইয়া তারেক শোক দিবসের দিন ক্লাস নিয়ে জাতির পিতাকে অবমাননা করেছেন। শুধু তাই নয়, এ ঘটনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার পরিপন্থী। এতে বঙ্গবন্ধুর মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

ছাত্রলীগের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফ জানান, এ বিষয়ে কুবি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। কিন্তু সময় লাগবে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।