ইয়াবা মামলায় নারায়ণগঞ্জের এএসপিকে তলব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৪৯ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাজিমউদ্দিন আজাদকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৪ মার্চ তাকে সশরীরে হাজির হয়ে মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত ইয়াবার মামলায় আটক আসামি পুলিশ সদস্য আসাদুজ্জামানের জামিন আবেদন শুনানিতে এ মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি কর্মকর্তাকে তলব করেছিলেন হাইকোর্ট।

আজ নির্ধারিত দিনে সোমবার (২৫ ফেব্রুয়ারি) সিআইডির তদন্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ আদালতে উপস্থিত হন। এরপর আদালত তার কাছে মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মেহেদী জানান, এই মামলার তদন্তের দায়িত্ব আমার কাছে নেই। নারায়ণগঞ্জের এএসপি নাজিমউদ্দিন আজাদ এখন মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন। বর্তমানে তিনি কক্সবাজারে একটি অপারেশনে রয়েছেন। এরপর আদালত আগামী ৪ মার্চ নারায়ণগঞ্জের এএসপিকে হাইকোর্টে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে মামলার শুনানি মুলতবি করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৭ মার্চ ডিবি পুলিশ নারায়ণগঞ্জ সদর থানার এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও ৫ লাখ টাকা উদ্ধার করে। পরে এ ঘটনায় মামলা হয়।

এরপর ওই মামলার আসামি নারায়ণগঞ্জ থানার পুলিশ সদস্য আসাদুজ্জামান ও এএসআই মোহাম্মদ সরওয়ার্দী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, এটি তারা নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে করেছেন। তার নির্দেশেই টাকা ও ইয়াবা রেখে আসামিদের ছেড়ে দিয়েছেন।

এফএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।